গোটা বিশ্বজুড়ে খুব মজাদার আর জনপ্রিয় একটি খাবার হিসেবে বাড়তি কদর রয়েছে প্যানকেকের। আর এই প্যানকেকের সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই আজ থেকে প্রায় ১৯ বছর আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড নামের একটি ব্রিটিশ সংগঠন। নানা সময়ে গিনেজের অনেক রেকর্ড ভেঙে গেলেও ১৯৯৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রচডেল শহরে প্রদর্শিত সবচেয়ে বড় প্যানকেকের এই রেকর্ডটি এখনও অক্ষুণ্ন আছে। আর বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় বলে স্বীকৃত এই প্যানকেকটির ব্যাস ছিল ১৫.০১ মিটার বা ৪৯ ফুট ৩ ইঞ্চি, পুরুত্ব ২.৫ সেন্টিমিটার (১ ইঞ্চি) এবং প্যানকেকটির ওজন ছিল প্রায় ৩ টন বা ৬,৬১৪ পাউন্ড।
