তামিমের বিপিএল শেষ!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
হাতের কব্জির ব্যথার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তামিম ইকবালের। কব্জির এক্সরেতে আগে ফ্রাকচার ধরা পড়েনি। তবে গতকাল বুধবার এমআর করানোর পর তামিমের ফ্রাকচার ধরা পড়ে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশিষ চৌধুরী। তাই বিপিএলের বাকি ম্যাচগুলোতে তিনি দর্শক হয়ে থাকবেন। দেবাশিষ বলেন, তামিমের বাঁ-হাতের কব্জিতে ফ্রাকচার ধরা পড়েছে। তাই বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাকে বাইরে রাখা হবে। তার এ ইনজুরি সারতে বেশিদিন লাগবে না। পনেরো দিন বিশ্রাম নিলেই আবার খেলতে পারবেন। বিসিবির ডাক্তারের ভাষ্য অনুযায়ী তামিম আসন্ন শ্রীলংকা সফরে খেলতে পারবেন। বিপিএলের দুরন্ত রাজশাহীর অন্যতম খেলোয়াড় তামিম ইকবাল। দল যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তবুও তামিমকে পাচ্ছে না তারা। কিন্তু কিছুই করার নেই, ইনজুরির জন্য তাকে তো ছাড়তে হবে—বললেন দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন। কব্জির ব্যথার কারণে কাল চিটাগাং কিংসের বিপক্ষে খেলতে নামেননি তামিম ইকবাল। শুধু তামিম নন; চিটাগাং কিংসের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও সংশয় রয়েছে। বিসিবির ডাক্তার বলেছেন, ‘চিটাগাং কিংসের পরের ম্যাচগুলোতে তাকে না খেলানোটাই ভালো। খেলালে উল্টো কিছুও হতে পারে’। রিয়াদকেও পনেরো দিন বিশ্রাম দিলে শ্রীলংকা সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে জানান বিসিবির ডাক্তার। তামিম ও রিয়াদ ছাড়া জাতীয় দলের বাকি খেলোয়াড়ের ব্যাপারে কোন অবজেকশন নেই। এদিকে সাকিব আল হাসানের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি অবশ্য এখনো নিশ্চিত হতে পারেনি বিসিবি। আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলেই তার যাওয়ার সব ব্যবস্থা করবে বিসিবি। নির্ধারিত তারিখ বলতে না পারলেও বিসিবির ডাক্তার দেবাশিষ বললেন, ২০ ফেব্রুয়ারি আমরা সাকিবকে বাইরে পাঠাতে পারি।