কউক চেয়ারম্যান
কক্সবাজার প্রতিনিধি
অপরিকল্পিত স্থাপনায় পরিকল্পিত নগরায়ন তৈরি কষ্টকর উল্লেখ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত ও শহরকে আমরাই ধ্বংস করেছি। যে যেভাবে পেরেছি দখল করেছি, করছি। গড়ে তুলেছি অপরিকল্পিত স্থাপনা। এমন অবস্থায় পরিকল্পিত নগরায়ন খুবই কষ্টকর। তবুও বিশ্বমানের পর্যটন নগরী গড়ার চেষ্টা অব্যাহত রয়েছে। সবার সহযোগিতা পেলে হয়তো কিছুটা সফলতা আসবে।
গত বৃহস্পতিবার রাতে ‘ইসলামী স্থাপত্য শিল্পের আলোকে কক্সবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কউক চেয়ারম্যান এসব কথা বলেন।
কলাতলীর হোয়াইট অর্কিড হোটেলের কনফারেন্স হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত সেমিনারে ফোরকান আহমদ বলেন, অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ করতে দেয়া হবে না। বিদেশিদের জন্য টেকনাফের দিকে ‘এক্সক্লুসিভ জোন’ করার পরিকল্পনা রয়েছে।
হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক ইয়াছিন হাবিবের স্বাগত বক্তব্যে উদ্বোধন হওয়া সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ওবায়দুল্লাহ হামজা। ইসলামী স্থাপত্যের উপর কোরআন ও হাদিসের আলোকে কক্সবাজারের উন্নয়ন নিয়ে তৈরি করা প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির খালভী। হেফাজতে ইসলামের জেলা সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
