কিছুদিন আগে খিলগাঁও রেলগেটে যানজটের কবলে পড়ে চলন্ত রেলের আঘাতে মর্মান্তিকভাবে একজন নারীর অকাল মৃত্যু হয়। এই ঘটনায় তার শিশুপুত্র ও কন্যাও আহত হয়। দুর্ঘটনাটির কারণ হিসেবে গণমাধ্যমে তখন রেলক্রসিং সংলগ্ন বাজার ও মেক্সিস্ট্যান্ডের জন্য সৃষ্ট যানজটকে দায়ী করা হয়। পত্রিকা ও টিভি চ্যানেলে সংবাদ প্রচারের কারণে খিলগাঁও রেলগেট সংলগ্ন বাজার ও মেক্সিস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। মাঝে অল্পকিছুদিন বিরতির পর আবার সবকিছু তার পুরনো চেহারায় ফিরে গেছে। আবার রেলক্রসিংকে ঘিরে কাঁচাবাজার গড়ে উঠেছে। আবার মেক্সিস্ট্যান্ডের কারণে রেলগেটে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যে কোন সময় আবারও মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বিষয়টি দেখেও দেখছেন না। তাই জনগুরুত্ব এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বোরহান বিশ্বাস, খিলগাঁও, ঢাকা
