শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বখাটে কয়েকজন যুবক মিলে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি ও অশ্লীল গালমন্দ করেছে। পরীক্ষার্থীর অভিভাবক এ ঘটনার প্রতিবাদ করায় মেয়েটির বাবাকে উল্টো মারপিট করেছে বখাটেরা। মঙ্গলবার শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা গেটে শিক্ষক ও শিক্ষার্থীরা বখাটেদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে । মামলা সূ্ত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীকে একই এলাকার আফজাল হোসেনের বখাটে পুত্র শাহিন আলম (২২), জয়নাল আবেদিনের পুত্র রাশেদুল (১৯), সফিকুল ইসলামের পুত্র আলমগীর (২২), ফজির উদ্দিনের পুত্র আব্দুল হামিদ (২২) এবং শুকুমুদ্দিনের পুত্র হাবিল উদ্দিন (২২) মিলে প্রায়ই অশ্লীল অঙ্গভঙ্গি ও নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি প্রথমে ভয়ে অভিভাবককে না বলে বিষয়টি গোপন রাখে। চলতি এসএসসি পরীক্ষার শুরু থেকেই ওই বখাটের দল পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়ার পথে রিকশা, অটো থামিয়ে এবং পরীক্ষা হলেও ঢুকে নানাভাবে উত্ত্যক্ত করে তাকে। এক পর্যায় গত রোববার এসএসসির গণিত পরীক্ষার পূর্বে ওই বখাটের দল পরীক্ষা হলে ঢুকে মেয়েটিকে তাদের কথামতো চলতে বলে। ফলে মেয়েটি ভয় ও আশংকার মধ্য দিয়ে পরীক্ষা দেয়। হল থেকে বের হয়েই বিষয়টি তার বাবাকে জানায়। পরে তাত্ক্ষণিকভাবে বিষয়টি ওই বখাটের অভিভাবকদেরকে জানালে এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়ের পিতাকে মারপিট করে।