ছাত্রলীগের মার খেয়ে ফিরে গেলেন অধ্যক্ষ শংকর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫০
অবশেষে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে তার পূর্বের কর্মস্থল চাখার সরকারি কলেজে ফিরিয়ে নেয়া হচ্ছে। গত ৩০ জানুয়ারি বিএম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় চাখার সরকারি কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় বদলির এ আদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ড. ননী গোপাল দাসকেও বিএম কলেজে রাখা হচ্ছে না। গত মঙ্গলবার অধ্যক্ষ হিসেবে যোগ দিতে এসে ছাত্রলীগ নেতাদের হামলার শিকার হন প্রফেসর শংকর চন্দ্র দত্ত। এ সময় কলেজে দুটি ককটেল বিস্ফোরণ ও ছাত্রলীগের সশস্ত্র মহড়ায় আতংক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায়। অধ্যক্ষ কলেজের প্রথম গেটে পৌঁছার আগেই ছাত্রলীগের একাংশের (বাকসু পরিচালনার দায়িত্বে থাকা) নেতারা তাকে মারধর করে। সেখান থেকে অধ্যক্ষকে ছাত্রলীগ নেতারা জোর করে মোটরসাইকেলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, চাখার কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ মেনে নিতে পারেনি। এ কারণে তারা আন্দোলন করেছে। প্রকাশ্যে মারধর করেছে এই শিক্ষককে। ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষা মন্ত্রণালয়ের বদলির আদেশ বাতিল করার দাবি জানিয়েছে। অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তের ওপর সন্ত্রাসীদের হামলায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের হাতে সোপর্দ করার জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেন।