জাবি ভিসির পদত্যাগের ঘোষণা, শিক্ষার্থীদের দাবিতে পুনর্বিবেচনার আশ্বাস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫১
ছাত্র-ছাত্রীদের অনুরোধের মুখে পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। গতকাল রাত সাড়ে ১১টার সময় তার বাসভবনের সামনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পদত্যাগের বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এনিয়ে আজ বৃহস্পতিবার তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন গতকাল বুধবার পদত্যাগের ঘোষণা দেন। মঙ্গল-বার রাতে এক শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীদের ভাঙচুরের ঘটনায় ভিসির নিরাপত্তা প্রদানে ব্যর্থতা ও মিথ্যাচারের অভিযোগ এনে ভিসি, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই প্রেক্ষিতে নিজ অবস্থান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অধ্যাপক আনোয়ার হোসেন। কি ঘটেছিল মঙ্গলবার রাতে:বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মওলানা ভাসনী হলের আবাসিক ছাত্র আব্দুল মালেক মঙ্গলবার অনার্স শেষ বর্ষের শেষ পরীক্ষা দিয়ে হলে আসলে হূদরোগে আক্রান্ত হলে সহপাঠীরা মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। ডাক্তার তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স দেরীতে আসায় মেডিক্যাল সেন্টার থেকে ঢাকায় নেয়ার পথে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়। বিক্ষুদ্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রড, পাইপ ও লাঠি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে ভাঙচুর এবং একটি কক্ষে আগুন ধরিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা ভিসি বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। তারা ট্রেজারারের বাস ভবন, ভাসানী হলের প্রভোস্টের বাসভবন, প্রশাসনিক ভবন, আবাসিক শিক্ষকদের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভাঙচুর চালান। অবরোধ করেন ঢাকা-আরিচা মহাসড়ক। পরে রাত ১১টার দিকে ছাত্রলীগ এসে শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এই সহিংসতার ঘটনায় ভিসি গণমাধ্যমকে বলেছিলেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে তার বাসভবনে হামলা চালিয়েছে। শিক্ষকদের আল্টিমেটাম:গতকাল বুধবার শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় গত মঙ্গলবার রাতের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রদানে ব্যর্থতা ও মিডিয়ার সামনে বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন ও প্রক্টর ড. সোহেল আহমেদ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই সঙ্গে লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেয় তারা। শিক্ষক সমিতির আল্টিমেটামের প্রেক্ষিতে বিকাল সাড়ে ৪টায় ভিসি সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। তবে তিনি যেহেতু নির্বাচিত ভিসি এ জন্য পরে অনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি সরকারকে জানাবেন। এর আগে সকালে জরুরি সিন্ডিকেট সভায় যথাসময়ে অ্যাম্বুলেন্স সরবরাহে ব্যর্থতা ও চিকিত্সা প্রদানে অবহেলার অভিযোগে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার, ভিসির বাসভবনসহ বিভিন্ন ভবন ভাঙচুরের ঘটনায় প্রো-ভিসি অধ্যাপক ফরহাদ হোসেনকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসির পদত্যাগ ঘোষণা:গতকাল বেলা সাড়ে ৪টায় সিনেট হলে সাংবাদিক সম্মেলনে অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষক সমিতি আমার পদত্যাগ দাবি করেছে। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই পদত্যাগের জন্য যা যা করণীয় আমি তা করবো। গত বছর অধ্যাপক শরীফ এনামুল কবির আন্দোলনের মুখে পদত্যাগ করলে ২০ মে ভিসির দায়িত্ব নেন অধ্যাপক আনোয়ার হোসেন এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন ২০ জুলাই।