পদ্মা নদীর ডান তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫০

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসনবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ডাঙ্গী পদ্মা নদীর ডান তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। পরে নদী পাড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী বলেন, গত কয়েক বছর পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার বিঘা ফসলি জমি, পাকা সড়ক, স্কুল, মসজিদ, কাঁচা-পাকা ঘর-বাড়ি, বিভিন্ন প্রজাতির গাছ-পালা। নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছিল নানা শ্রেণি-পেশার মানুষ। নদী পাড়ের মানুষের বাড়ি-ঘর ও উপজেলা পরিষদ রক্ষায় আমি মাথার ঘাম পায়ে ফেলে প্রায় ২৯৩ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি অনুমোদনের চেষ্টা চালাই। সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সার্বিক সহযোগিতায় ২০১৮ সালের ৭ আগস্ট একনেক সভায় স্থায়ী বাঁধের প্রকল্পটি পাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলার নদী ভাঙন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদনে বিশেষ ভূমিকা রাখায় উপজেলাবাসীর পক্ষ থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ধন্যবাদ জানান এমপি নিক্সন চৌধুরী। এ সময় খুব শিগগির চরভদ্রাসন উপজেলার গোপালপুর টু চর মইনুট ঘাটে ফেরি চালু করা হবে বলে উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন এমপি নিক্সন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসা প্রমুখ।