আরও চান আর্সেনাল কোচ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:০৬

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭ খেলায় অপরাজিত আছে আর্সেনাল। তারপরও এটাকে যথেষ্ট মনে করেন না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ উনাই এমারি। সে কারণে বোর্নমাউথের মাঠে ২-১ গোলের জয়ের পরও দলের কাছে আরো নৈপুণ্য চান এই কোচ।

আর্সেনাল মৌসুমের শুরুতে টানা ১০ খেলায় জয়ের পর গত রবিবার প্রিমিয়ার লিগের এ লড়াইয়ে  মাঠে নামার আগের পাঁচ খেলায় চারটিতে ড্র করেছিল। কিন্তু জেফারসন লের্মার আত্মঘাতী ও পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের চলতি মৌসুমের অষ্টম গোলে আবার জয়ী হয় গানাররা। লিগে টানা তিন ড্রয়ের পর জয় পেল আর্সেনাল। জয়টির পর কোচ এমারি বলেন,‘আমরা ১৭ খেলায় হারিনি, কিন্তু কয়েকটিতে ড্র করেছি এবং সেটা যথেষ্ট নয় আমাদের জন্য। আমরা আনন্দিত এবং খেলাটির আগে আমরা জানতাম কতটা কঠিন হতে যাচ্ছে এ খেলাটি। বিশেষ করে শীর্ষ চারের কাছাকাছি থাকার জন্য আমাদের জয় দরকার ছিল।’আগের খেলাগুলোয় পয়েন্ট খোয়ানোর কারণে কোচ এমারিকে নিয়ে মৌসুমের শুরুতে যে উচ্ছ্বাস ছিল তা কিছুটা ম্রিয়মাণ ছিল। কিন্তু এদিনের নৈপুণ্যে সমর্থকদের মধ্যে এই ভরসা এসেছে যে, তারা শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারবে। বিশেষ করে খেলার আগে মাত্র চার পয়েন্টে এগিয়ে থাকা বোর্নমাউথকে হারানোর কারণে।

গানাররা এ নিয়ে লিগে ১৩ খেলায় আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছে। ম্যানচেস্টার সিটি ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। কোচ পেপ গার্দিওলার দলের চাইতে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। চতুর্থ স্থানে আছে চেলসি। ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। গানাররা আগামী রবিবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হওয়ার আগে ইউরোপা লিগে খেলবে।