ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে অন্যতম স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কোর ক্যাচার স্থাপন কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে কোর ক্যাচার স্থাপন কাজের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
এ সময় মন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিমাত্রায় ভালোবাসা ও মমত্ববোধের বহিঃপ্রকাশই হলো রূপপুর প্রকল্পে কোর ক্যাচার স্থাপন। পারমাণবিক বিদ্যুতে সর্বোচ্চ নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যয় নির্বাহ করে কোর ক্যাচার স্থাপন করা হচ্ছে।
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রূপপুর প্রকল্পের উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটির সভাপতি অধ্যাপক এ এম এম শাফিউল্লাহ। আরো ছিলেন, প্রকল্পের জেনারেল ঠিকাদার রাশিয়ার এটমস্ত্রয় এক্সপোর্ট (এএসই) এর রাশান প্রকল্প পরিচালক ইউরিক কুশিলভ, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য এম মোজাম্মেল হক, এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন প্রমুখ।
