খুলনা অফিস
খুলনায় রেজোয়ান দপ্তরি ওরফে বাপ্পী নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ফিরোজ জমাদ্দারের ঘেরের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাপ্পী দামোদর গ্রামের নজরুল দপ্তরির ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাড়া শেষে বাপ্পী তার ভ্যান বাড়িতে রেখে বাইরে যায়। রাতে বাড়ি না ফিরলে শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ফিরোজ জমাদ্দারের ঘেরের পাশে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বাপ্পীর লাশ উদ্ধার করে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বাপ্পীর বাবা নজরুল দপ্তরি ফুলতলা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। লাশ পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
