অ্যালার্ম বালিশ!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
রোজ সকালে নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠে যাদের কাজের উদ্দেশ্যে বেরুতে হয় বা নির্দিষ্ট কোনো কাজ করতে হয়, অ্যালার্ম ঘড়ির প্রয়োজনীয়তার কথা তারা বেশ ভালোভাবেই জানেন। প্রযুক্তির বিকাশের এই যুগে এখন অনেক মানুষের ক্ষেত্রেই অ্যালার্ম ঘড়ির জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোনের অ্যালার্ম অপশন। তবে অ্যালার্ম ঘড়িই হোক কিংবা মোবাইল ফোনের অ্যালার্ম অপশন, মাঝে মাঝে এসব যন্ত্র থেকে উত্পন্ন শব্দ কম বা বেশি হতে পারে। এ কারণে একজনের অ্যালার্মের শব্দ কখনো কখনো যেমন অন্যকে বিরক্ত করে তেমনি গভীর ঘুমে থাকার কারণে অ্যালার্মের শব্দে ঘুম না ভাঙার ঘটনাও ঘটে। আর প্রচলিত অ্যালার্ম সিস্টেমের এই ত্রুটিগুলো বেশ কিছুটা কাটিয়ে উঠতেই এবার ব্যতিক্রমী এক বালিশ তৈরি করেছে জাপানের খ্যাতনামা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। সনির এই বৈদ্যুতিক বালিশ দেখতে অনেকটা সাধারণ বালিশের মতো মনে হলেও এর মাঝে থাকবে ঘুম ভাঙানোর প্রযুক্তি। তবে আর দশটা অ্যালার্ম ঘড়ির মতো বেরসিকভাবে মালিকের ঘুম ভাঙাবে না এই বালিশ। বরং বালিশে যিনি শুয়েছেন তিনি ঠিক কতোক্ষণ ঘুমিয়েছেন বা তাকে ঘুম থেকে ওঠানোর জন্য কতোটা শব্দের দরকার তা বুঝেই প্রয়োজনীয় মাত্রার শব্দ উত্পন্ন করবে এই বালিশটি। বিশেষভাবে তৈরি এই বালিশের জন্য করা পেটেন্টের আবেদনে বালিশটির মূল অংশ হিসেবে একাধিক ইলেকট্রোড ও সেন্সর, তারবিহীন ট্রান্সমিটার এবং খুলে চার্জ দেওয়া যায় এমন ব্যাটারির কথা বলা হয়েছে। এ ছাড়া এই বালিশের কভার ময়লা হলে তা খুলে নিয়ে ধোয়াও যাবে। এদিকে এই বালিশের বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে যেয়ে সনির পক্ষ থেকে বলা হয়েছে যে, ব্যবহারকারী কখন থেকে ঘুমানোর চেষ্টা করেছেন তা নয়, বরং ঠিক কখন ঘুমিয়ে পড়েছেন তার প্রতি লক্ষ রাখবে এই বালিশটি। ফলে প্রয়োজনীয় ঘুম পূর্ণ হওয়ার পরেই বালিশটি জাগিয়ে দেবে এর মালিককে। এ ছাড়া এতে থাকবে প্রথাগত টাইমারও যার মাধ্যমে ইচ্ছে করলে ঘুমের জন্য নির্দিষ্ট সময়টুকু নির্ধারণ করে নেওয়া যাবে।