বৃটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর প্রধান নির্বাহী এন্ডি হান্ট চার বছর দায়িত্ব পালন শেষে গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হান্ট ২০১২ সালের লন্ডন অলিম্পিকে বৃটেন দলের শেফ দ্য মিশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্টিন কো’র নেতৃত্বে গত বছর দারুণ সফল একটি অলিম্পিক গেমস আয়োজন সত্ত্বেও বিওএ বর্তমানে আর্থিক সমস্যার সাথে লড়াই করছে। তারা এখনও পৃষ্ঠপোষকদের সাথে গেমস পরবর্তী কোন ধরনের আলোচনা করতে রাজি হয়নি। এরই জের ধরে গেমসের বাণিজ্যিক পরিচালক হুগ চেম্বারস গত মাসে নিজের পদ থেকে সরে দাঁড়ান।
তবে নিজের পদত্যাগ সম্পর্কে হান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘‘২০১২ সালের লন্ডন অলিম্পিককে সামনে রেখে স্বাগতিক হিসেবে বৃটেনের জাতীয় অলিম্পিক কমিটিকে চার বছর নেতৃত্ব দেবার অভিজ্ঞতা সত্যিই চমত্কার। নিজের দেশে টিম বৃটেনকে নেতৃত্ব দেবার সুযোগ পেয়ে আমি সবসময়ই গর্ব অনুভব করি। যেভাবে বিওএ ক্রীড়াবিদদের সমর্থন দিয়েছে এবং এবারের অলিম্পিকে যে সাফল্য এসেছে এসবই ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’ - বাসস/এএফপি
