যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ক্রীড়াঙ্গনের একাত্মতা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
যুদ্ধাপরাধীদের ফাাঁসির দাবি নিয়ে ক্রীড়াঙ্গনের সবাই একাত্ম হয়েছেন। গতকাল বিকালে ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ বিভিন্ন ফেডারেশন সাধারণ সম্পাদকরা শাহবাগের চলমান আন্দোলনের সাথে যোগ দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, বাফুফের সদস্য হারুনুর রশিদ, শেখ মো. আসলাম, শ্যুটার সাবরিনা সুলতানা, গোলকিপার বিপ্লবসহ সংগঠকরা শাহবাগে আব্দুল কাদেরসহ সব রাজাকারের ফাঁসি দাবি করেছেন। সন্ধ্যায় একযোগে সারা দেশের মতো বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রীড়া সাংবাদিকরা মোমবাতি প্রজ্ব্বলন করে শাহবাগ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। বাফুফের কর্মকর্তা, কোচ, অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলাররাও নিজেদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করেন। এদিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলা চলা অবস্থায় মাঠে খেলোয়াড়রা, প্রেসবক্সে সাংবাদিকরা, গ্যালারিতে দর্শকরা এবং কর্মকর্তারা মোমবাতি জালিয়ে একাত্মতা প্রকাশ করেন এই আন্দোলনের সঙ্গে।