সিরিজ নির্ধারক শেষ টি-টোয়েন্টিতে আজ ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের।
প্রথম ম্যাচে ৪০ রানের পরাজয়ের পরে টপঅর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এ ম্যাচে রান পেয়েছেন দুই ওপেনার হামিশ রাদারফোর্ড এবং মার্টিন গাপটিলও। আজ শেষ ম্যাচে যদি তারা গত ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেন তাহলে নিশ্চিতভাবেই বড় বিপদ অপেক্ষা করছে ইংলিশ অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের জন্য। তবে ব্লাক ক্যাপসদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ব্যাটিংয়ে দলের সবচেয়ে বড় ভরসা সাবেক অধিনায়ক রস টেলরের ফর্মহীনতা। অধিনায়কত্ব ছাড়ার পরে বেশ কয়েকদিনের বিশ্রাম কাটিয়ে মাত্রই ফিরেছেন দলে। তবে প্রথম দুই ম্যাচে হাসেনি তার ব্যাট। একই কথা প্রযোজ্য গ্রান্ট এলিয়ট এবং কলিন মুনরোর ক্ষেত্রেও।
মাত্র ১৬ রানে চার উইকেট নিয়ে গত ম্যাচে অনেকটা অপ্রত্যাশিতভাবে নায়ক বনে গেছেন জেমস ফ্রাঙ্কলিন। তবে তার সঙ্গে বলতে হবে ইয়ান বাটলারের কথাও। এই দুজনের পাশাপাশি নাথান ম্যাককুলামের উপরেও অনেকাংশে নির্ভর করছে দলের বোলিং সাফল্য।
অন্যদিকে এই ম্যাচ জিততে হলে বোলিংয়ে নিজেদের ধার বাড়ানোর কোন বিকল্প নেই ইংলিশদের জন্য। বোলারদের যাচ্ছেতাই বোলিংই দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় স্কোর গড়তে সাহায্য করেছে। অধিনায়ক ব্রডও সুবিচার করতে পারেননি তার নামের প্রতি। তবে ব্রডকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলতে পারে দলের ব্যাটসম্যানরা। লুক রাইট, মাইকেল লাম্ব, এওইন মর্গানরা সবাই আছেন দারুণ ফর্মে। দলে পরিবর্তন আসতে পারে একটিই। সামিত প্যাটেলের বদলে ইয়র্কশায়ারের তরুণ ব্যাটসম্যান জো রুট পেতে পারেন আরেকটি সুযোগ।
