একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ব্যাখ্যা দেয়ার সময় বাড়ানো হয়েছে। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের সময় চেয়ে করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে তাকে আইনজীবীর মাধ্যমে জবাব দিতে হবে। আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, তার মক্কেল কয়েকদিন বিদেশে ছিলেন। তিনি কেবলই দেশে ফিরেছেন। তাই এ বিষয়ে ব্যাখ্যা দিতে সময় প্রয়োজন। গত ৩১ জানুয়ারি মিসরের রাজধানী কায়রোতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পর এ সপ্তাহে দ্বিতীয় রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আর তৃতীয় বিচারের রায় আগামী ১৪ ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করা হবে। তিনটি পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গত ৩ ফেব্রুয়ারি মৌখিকভাবে মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করেন।
কামারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত:জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী তদন্ত কর্মকর্তা (আইও) আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। গতকাল তাকে জেরা করেন কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল-২। গতকাল আবদুর রাজ্জাক খানকে তৃতীয় দিনের মতো জেরা করে আসামিপক্ষ।
