বাণিজ্যিক ব্যাংকগুলোর বড় অংকের ঋণ অনলাইনের মাধ্যমে তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। আর এ ধরনের বড় ঋণের সব তথ্য যাতে ঝামেলামুক্তভাবে পাওয়া যায় সেজন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নতুন একটি সফটওয়্যারও স্থাপন করেছে। যা আগামী রবিবার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ কার্যক্রম তদারকি করবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঐ সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকগুলোর কোন গ্রাহক কি পরিমাণ ঋণ নিচ্ছে, যে উদ্দেশ্যে ঋণ নিচ্ছে তা যথাযথভাবে ব্যবহার করছে কিনা, ঋণের জন্য আবেদনকারী গ্রাহক ঋণ খেলাপী কিনা এবং এর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে তার পরিমাণ প্রভৃতি জানা যাবে। ফলে তদারকি সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের মোট মূলধনের ১০ শতাংশ বা এর বেশি পরিমাণের ঋণকে বড় অংকের ঋণ (লার্জ লোন) হিসেবে বিবেচনা করা হয়। আগে কোনো বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ঋণ দিতে চাইলে তা কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হতো। তবে ২০০৩ সালে এ নিয়ম উঠে যায়। অবশ্য একক ঋণের সীমা (মূলধনের ১৫ শতাংশ) অতিক্রম করলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয়। পরে কেন্দ্রীয় ব্যাংক ওই গ্রাহকের তথ্য পর্যালোচনা করে তাদের পর্যবেক্ষণ সংশ্লিষ্ট ব্যাংককে জানায়। বর্তমানে এ ধরনের ঋণ ম্যানুয়াল পদ্ধতিতে তদারক করা হয়। এতে নানা বিপত্তি দেখা দেয়। অনেক ক্ষেত্রে ৪৭টি ব্যাংকেই চিঠি দিয়ে ওই গ্রাহকের বিষয়ে তথ্য চাওয়া হয়। এতে গ্রাহকের ঋণ পেতে অনেক বেশি সময় লেগে যায়। এছাড়া তথ্য যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংকেরও প্রচুর সময় ব্যয় করতে হয়। নতুন সফটওয়্যার চালু হলে এ ধরনের বাড়তি ঝামেলা দূর হবে।
