ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার সেলিমসহ তিন ডাকাত নিহত হয়েছে। নিহতরা ডিবির এসআই শরিফুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলো বলে জানিয়েছে ডিবি। রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত অপর দুইজন হলো সেলিমের ভাই জাকির ও তাদের সহযোগী সাজিদ। ঘটনাস্থল থেকে পালাবার সময় ডিবি আরো ছয় ডাকাতকে গ্রেফতার করেছে। তারা হলো সুরুজ, সুজন, হীরা, হাফিজ, লাল মিয়া ও রাজু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।
মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম গতকাল মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানান, ডিবির কাছে তথ্য ছিল একদল ডাকাত তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এ সংবাদের ভিত্তিতে এডিসি মশিউর রহমানের নেতৃত্বে ডিবির কয়েকটি দল সেখানে অবস্থান নেয়। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ডিবিও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থলে তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে থানা পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকেই মৃত ঘোষণা করেন। পালাবার সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দুইটি পিস্তল, একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি। এছাড়াও আটক করা হয় ডাকাতদের ব্যবহূত একটি ট্রাক। আর ট্রাক থেকে উদ্ধার করা হয় কাঠের ভূষি, ভাঙ্গা ইট, কাটার, ছুরি ও রামদা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সেলিম, জাকির ও নবী তারা তিন ভাই এ ধরনের কাজে নেতৃত্ব দেয়। তাদের নেতৃত্বে রয়েছে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ চক্র। তারা পাঁচ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফর্মার চুরি কিংবা ডাকাতি করে আসছে। এসব ট্রান্সফর্মারের বিভিন্ন অংশ গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় একটি অবৈধ কারখানায় আলাদা করে বিভিন্ন ধাতব পদার্থ কেজি হিসাবে বিক্রি করে আসছিল ডাকাতরা। গত ৩ ফেব্রুয়ারি ট্রান্সফর্মার চুরি রোধে অভিযান চালাতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবির সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়। এতে নিহত হন ডিবি কর্মকর্তা শরিফুল ইসলাম। ওই সময় ডিবি গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্য ট্রাক চালক শিপনকে গ্রেফতার করে। শিপনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডিবি বুধবার গভীর রাতে এ অভিযান চালায়।
মনিরুল ইসলাম আরো জানান, ডাকাতদের সঙ্গে সংঘর্ষে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, দুই সহকারী উপপরিদর্শক হারুন অর রশীদ ও ইসহাক আহত হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিত্সাধীন।
