বিএম কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০০
সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র দত্তের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিএম কলেজসহ নগরীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা নগরীর হাসপাতাল রোড (জেলখানার মোড়) এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর সদর রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রলীগ ও বিএম কলেজ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন কলেজ ছাত্রলীগের নেতাদের দেখা গেছে। মিছিল থেকে বিএম কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তের উপর হামলাকারী অস্থায়ী কর্মপরিষদের (ছাত্রলীগের একাংশ নিয়ে গঠিত) ভিপি মঈন তুষার ও জিএস নাহিদ সেরনিয়াবাতসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দেয়া হয়। মিছিল শেষে জেলা প্রশাসন মোঃ শহিদুল আলমের মাধ্যমে শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাতসহ অধ্যক্ষর উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এদিকে অধ্যক্ষর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বেলা ১টায় নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিএম কলেজ শাখা ছাত্রদল। অপরদিকে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র দত্তের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগ।