শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি রাব্বি কারাগারে

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৪

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গোলাম রাব্বিকে(১৮) কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পলাতক আসামি রাব্বি ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল গোলাম রাব্বি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরদিন ১৪ এপ্রিল জেলার আগরবাড়ি এলাকার শিশুটির মা বাদী হয়ে রাব্বির বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে রাব্বি ও তার পরিবার ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকার মসজিদের মুয়াজ্জিন খলিল হাওলাদারের ছেলে রাব্বি।

ঝালকাঠি থানার ওসি শোনীত কুমার গায়েন জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ রাব্বিকে ধরতে জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। পুলিশের তত্পরতার কারণেই সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।