আজ ১৫ ফেব্রুয়ারি। ১৯৯৬ সালের এই দিনে তত্কালীন বিএনপি সরকার দেশে ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচন করে। আওয়ামী লীগ এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
গতকাল আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের এই দিনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বিএনপি সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করে। বিএনপির সহযোগী জাতির পিতার খুনীদের দল ফ্রিডম পার্টি ছাড়া এই নির্বাচনে কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৪ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। দেশের সকল সংবাদপত্র, গণমাধ্যম, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, এনজিও, কূটনীতিক এমনকি খোদ নির্বাচন কমিশনের মতে দেশের ৫ শতাংশ মানুষও এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যায়নি।
১৫ ফেব্রুয়ারি, জনগণের ভোটাধিকার হরণের এই দিনটি বাংলাদেশের অযুত কোটি গণতন্ত্রপ্রিয় মানুষের সাথে আওয়ামী লীগ আজ দেশব্যাপী মিছিল, সভা-সমাবেশ ইত্যাদির মধ্য দিয়ে কালো দিবস হিসেবে পালন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে কালোদিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তোলার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
