জনগণ জেগে উঠেছে তত্ত্বাবধায়কের দাবি আদায় করবোই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৩
শাহবাগ আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি আড়াল করতেই সরকার নতুন কৌশল নিয়েছে। কিন্তু তাতে কোন কাজ হবে না। জনগণ জেগে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবোই করবো । গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দলের কেন্দ ীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দীর্ঘ সময় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বিজয়নগর, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশ একটি কঠিন সংগ্রাম-লড়াই করছে। এ লড়াই দেশের অস্তিত্বের লড়াই। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। আমরা ছাত্রদলের দিকে তাকিয়ে আছি। তারা এ আন্দোলনে নেতৃত্ব এবং গণতন্ত্র ফিরিয়ে দেবে। আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশকে সন্ত্রাস ও ছাত্রলীগ মুক্ত করবো। সমাবেশে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যত চেষ্টাই করেন বিএনপিকে জনবিচ্ছিন্ন করার কৌশল সফল হবে না। ফখরুল বলেন, দেশ এখন সংগ্রাম করছে, দেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করে সুন্দর ভবিষ্যত্ গড়ার জন্য। কিন্তু সরকার সুপরিকল্পিতভাবে চতুরতার মাধ্যমে গণতন্ত্রকে দলীয়করণ করে রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছে। তার বিরুদ্ধে যারা কথা বলছে, সেই বিরোধী দলকে নির্মূল করে দেয়ার খেলায় মেতে উঠেছে। ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।