শাহবাগ আন্দোলনে সংহতি প্রকাশ করা মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেছেন, বিজয় সূচিত না হওয়া পর্যন্ত শাহবাগ আন্দোলন চলবে। গতকাল বিকালে দৈনিক ইত্তেফাককে দেয়া একান্ত সাক্ষাত্কারে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের আইন সংশোধন হলে শাহবাগ আন্দোলন প্রথম ধাপ অর্জন করবে। এরপর আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হবে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি থেকে তরুণ প্রজন্ম যে প্রত্যয় নিয়ে রাজপথে নেমেছে সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা সরে আসবে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে। কিন্তু এ যুদ্ধাপরাধীদের বিচারের আইনটি অসম্পূর্ণ, একে পূর্ণতা দিতে হবে। আইনটির দুর্বলতা দূর করতে হবে। যাতে আইনের ফাঁক দিয়ে যুদ্ধাপরাধীরা বাঁচতে না পারে। তরুণ প্রজন্ম সেই দাবিতেই আজ রাজপথে। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতি আবারো একবিন্দুতে মিলিত হয়েছে।
নাসির উদ্দিন ইউসুফ বলেন, দীর্ঘ ৪২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে বিচার শুরু হয়েছে সেই প্রক্রিয়াকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত না করলে রাজাকার, আলবদররা সেই ফাঁক দিয়ে মুক্তি পেয়ে যাবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা যেন ট্রাইব্যুনালে প্রতিষ্ঠিত করা যায়-এমন সংশোধনী চাইছে তরুণ প্রজন্ম। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীসহ মৌলবাদী প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল এবং তাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে এদের যদি প্রতিহত না করা হয় তাহলে একদিন এর জন্য জাতিকে মূল্য দিতে হবে। তাই তরুণ প্রজন্মের এই লড়াই এক ক্রান্তিকালে আলোর দিশা হয়ে দেখা দিয়েছে। তিনি প্রতিক্রিয়াশীল চক্রের যেসব সংবাদপত্র এবং টিভি চ্যানেল রয়েছে এবং সেসব চ্যানেলে ও পত্রিকায় যারা মতামত দেন ও লেখেন তাদের প্রজন্ম চত্বর থেকে দূরে থাকতে বলেন। তিনি বলেন, ‘এরা স্বাধীন মত প্রকাশ করুক, কিন্তু এই তরুণদের আন্দোলনের পবিত্র ভূমি এইসব মানুষের জন্য নয়।’
