যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহরের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০৮
জাতীয় পার্টির (জেপি) কাঁঠালিয়া উপজেলার সাবেক সভাপতি, কাঁঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ঝালকাঠির বিনয়কাঠি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা হোসেন মীরবহর (৬৯) গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি........... রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ান হোসেন মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন আমু, ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, তার প্রতিষ্ঠিত আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, কলেজের অধ্যাপকবৃন্দ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জেপি ঝালকাঠি জেলা সভাপতি এ্যাডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল, জেপির উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরুসহ জেপি, যুব সংহতি, ছাত্র সমাজের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের লাশ যুক্তরাষ্ট্র থেকে সোমবারের মধ্যে দেশে আসবে। পরে তাকে আমুয়ায় দাফন করা হবে। যুব সংহতির শনিবারের সভা স্থগিত জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের আগামীকাল শনিবারের পরিচিতি ও মতবিনিময় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ সভার পরবর্তী তারিখ চিঠি ও পত্রিকার মাধ্যমে জানানো হবে। -প্রেস বিজ্ঞপ্তি।