নীলফামারী ডোমারে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয়েছে। “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতার হাত বাড়িয়ে শিক্ষার সুযোগ দিয়ে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে” এই শ্লোগানকে সামনে রেখে ডোমারে স্থানীয় আশার প্রদীপ প্রতিবন্ধী কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য ওই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। ডোমার পৌর এলাকার চিকনমাটি মহল্লায় ওই বিদ্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বাবু রামনিওয়াস আগরওয়াল। এ সময় উপস্থিত ছিলেন আশার প্রদীপ প্রতিবন্ধী কেন্দ্রের সহ-সভাপতি বাবু শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ফিরোজ ফারুক, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম ডোমার প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফফর আলী প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ ফারুক বিদ্যালয়টি পরিচালনার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
