লাইভ অনুষ্ঠানে হাতাহাতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৪
শুধুমাত্র আমাদের দেশেই নয়, বরং বিশ্বের কমবেশি প্রায় সবদেশেই টিভি মিডিয়ায় নানা ধরনের টকশো আয়োজনের চল আছে। এসব টকশো’তে কখনো কখনো যেমন হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তেমনি কখনো কখনো এতে বিষয়ভিত্তিক আলোচনার জন্য আসেন নানা শ্রেণী-পেশার প্রতিনিধিরাও। এ ক্ষেত্রে উপস্থিত আলোচকেরা যেমন নানা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তেমনি নিজেদের মতামত নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়াও নতুন কোনো ঘটনা নয়। তবে কথার বিতর্ক যদি শেষ পর্যন্ত আর কথায় সীমাবদ্ধ না থেকে হাতাহাতি বা মারামারিতে রূপ নেয় তবে তা আলোচনা-সমালোচনারও বিষয় হয়ে দাঁড়ায়। আর এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সম্প্রতি সংবাদ শিরোনাম হয়েছেন জর্জিয়ার দুই রাজনীতিবিদ। জর্জিয়ার ম্যাস্ট্রো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি টকশো’র এক পর্যায়ে একে অন্যকে গালমন্দ করতে করতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আলোচক দুই সাংসদ। এরা ছিলেন যথাক্রমে ড্রিম পার্টির কোবা ডাভিটাশভিল ও ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট পার্টির সার্গো রাটিয়ানি। অনুষ্ঠানটির দর্শক এবং ম্যাস্ট্রো টিভির আয়োজকদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানের শুরু থেকেই কোবা ও সার্গো একে অপরকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলছিলেন। এরই মাঝে একপর্যায়ে কোবা সার্গোকে সাপ আখ্যায়িত করে তার মাথা কেটে ফেলার হুমকি দিলে সার্গো কোবার দিকে পানি ছুঁড়ে মারেন। এ অবস্থায় অনুষ্ঠানের উপস্থাপক দুই রাজনীতিবিদকে শান্ত করার চেষ্টা করলেও তার বাধা উপেক্ষা করেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন কোবা ও সার্গো। এ সময় তাদের আটকাতে এগিয়ে আসতে দেখা যায় স্টুডিওতে উপস্থিত থাকা কর্মীদেরকেও। পরবর্তীতে এদের সহায়তাতেই দুজনকে নিবৃত্ত করে সেটের বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটির সম্প্রচারও। এদিকে এই ঘটনার জের ধরে আবারও জর্জিয়ার রাজনীতিবিদদের পরমত সহিষ্ণুতার অভাব নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে দেশটির সাধারণ মানুষের মধ্যে।