ক্যান্সার বিজয়ী যোদ্ধাদের মিলন মেলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৮
গত ৪ঠা ফেব্রুয়ারী ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এবারের ক্যান্সার দিবসের শ্লোগান ছিল ক্যান্সার ভীতির ভ্রান্ত ধারণা বিতাড়ন করুন। ক্যান্সার মানেই মৃত্যু নয়। ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সারকে জয় করা সম্ভব। প্রয়োজন শুধু ক্যান্সার সম্পর্কে সচেতনতা এবং প্রাথমিক অবস্থায় রোগটি নির্ণয় করা। এবারের ক্যান্সার দিবসটি উদ্যাপনের জন্য রাজধানীর ইউনাইটেড হসপিটাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। প্রতিবারের মতো মূল অনুষ্ঠানটি ছিল দুপুরে। হসপিটাল সেমিনার হলে অর্ধশতধিক ক্যান্সার বিজয়ী যোদ্ধাদের মিলন মেলা। এই মেলায় ক্যান্সার জয়ীদের সাথে এসেছিলেন তাদের পরিবারের আপনজন। এসব যোদ্ধাদের সম্মান জানাতে ও তাদের যুদ্ধজয়ের গল্প শুনতে এসেছিলেন ক্যান্সার চিকিত্সকবৃন্দ. সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সেলিব্রেটিসহ সমাজের উচ্চ পর্যায়ের ব্যাক্তিগণ। অনুষ্ঠানে আগত সকল সারভাইভারদের চোখে মুখে ছিল বিজয়ের হাসি, ছিল ক্যান্সার আক্রান্ত নতুন রোগীদের সাহস যোগানোর প্রানখোলা উপদেশ। তবে একটি কথা সবাই বলেছেন ক্যান্সার জয় করতে হলে চাই অদম্য সাহস। ভয় পাবার কিছু নেই। কেমোথেরাপি এখন একটি স্বাভাবিক চিকিত্সা পদ্ধতি। এর পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত সাময়িক। চিকিত্সা শেষে তাঁরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন। চিকিত্সাকালীন সময়ে পরিবারের সদস্য ও আপনজনদের সহযোগিতার কথাও সবাই অকপটে বললেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনাইটেড হসপিটালের, ডিরেক্টর, ডাঃ দবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ক্যান্সার জয়ী ৭৫ বছর বয়সী সৈয়দ অমিন উল্লাহ্ নিজে কতটা সুস্থ আছেন তা বুঝাতে হাস্যোজ্জলভাবে সকলকে গান গেয়ে শোনান। খোকন নামের ২২ বছরের তরুন যখন ক্যান্সার যুদ্ধে জয়ী হয়ে মনের আনন্দে নিজের লেখা কবিতা আবৃত্তি করে শোনান তখন হল ভর্তি সবাই তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান। সারভাইভার গোপাল সাহা, ফিরোজা হাবিব সহ অনেকেই ক্যান্সার চিকিত্সার কথা শুনান। টংগী-গাজীপুর থেকে আসা লিলি সরকার, মানিকগঞ্জ থেকে আসা রুমা বেগম, চাঁদপুর থেকে আসা মামুনুর রহমানসহ বাংলদেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্যান্সার জয়ীরা এ রকম একটি আনন্দঘন আয়োজনের জন্য ইউনাইটেড হসপিটালকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক. সারভাইভার রওশন আরা ফিরোজ ও সারভাইভার কবি কাজী রোজী বাংলাদেশের ক্যান্সার রোগীদের আধুনিক চিকিত্সায় ইউনাইটেড হসপিটালের ক্যান্সার কেয়ার সেন্টার বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আমেরিকান এ্যামবাসির চিকিত্সক ডাঃ রবার্ট সোলেমন, কলেজ ও নার্সিং এন্ড হেলথ্ সাইন্স এর পরামর্শক এ্যলেক্স বারল্যান্ড উপস্থিত ছিলেন। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ইউনাইটেড ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক, অধ্যাপক শান্তনু চৌধুরী, ক্যান্সার রোগের প্রাথমিক উপসর্গসমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে আগত ক্যান্সার বিজয়ী যোদ্ধাদের জীবন সংগ্রামের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, ফরিদুর রহমান খাঁন। তিনি অনুষ্ঠানে আগত সকল সারভাইভার ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে সকলের আরও সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। তিনি বলেন, দেশের রোগীদের বিশ্বমানের চিকিত্সা সেবা দিতে তারা বদ্ধ পরিকর।