দৌলতপুরের কালিদাসপুর ট্রাজেডি দিবস আজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর ট্রাজেডি দিবস আজ। ১৯৯৯ সালের এইদিনে উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে সন্ত্রাসী চরমপন্থিদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তত্কালীন সভাপতি লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল। এ হত্যাণ্ডের পর দৌলতপুর থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহক আলী বাদি হয়ে ২১ জন চরমপন্থি ও রাজনীতিকের বিরুদ্ধে মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১০ চরমপন্থির ফাঁসি ১২ জনকে যাবজ্জীবন ও ৩ আসামিকে খালাস প্রদান করে। সে সময় ২ আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি এবং সে সময়ের চারদলীয় জোট সরকার রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও নুরুজ্জামান হাবলু মোল্লার নাম মামলা থেকে প্রত্যাহার করায় তাদের বিচার কাজ স্থগিত করে রাখা হয়। দণ্ডপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করায় বর্তমানে মামলাটি হাইকোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে। কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১৬ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। অপরদিকে শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানসহ নানা কর্মসূচি পালন করবে।