ইত্তেফাক ডেস্ক
ওড়িশা উপকূলে শুক্রবার সকালেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’। শুরু হয় তার তাণ্ডবলীলা। আর এই দুর্যোগের মধ্যেই সেখানকার ভুবনেশ্বরের একটি হাসপাতালে জন্ম হয় এক কন্যা শিশুর। দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে শিশুটির নাম রাখা হয় ‘ফণী’।
গতকাল সকাল ১১টা ৩ মিনিটে ভুবনেশ্বরের মঞ্চেশ্বর হাসপাতালে ওই শিশুটির জন্ম হয়। জন্মের পর মা ও মেয়ে উভয়েই সুস্থ রয়েছে বলে হাসপাতালের চিকিত্সকদের তরফ থেকে জানানো হয়েছে। শিশুটির মা মঞ্চেশ্বরে রেলের কোচ রিপেয়ারিং ওয়ার্কশপে কাজ করেন। সাইক্লোন ফণী ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আগেই ১১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ৫৪২ জনই অন্তঃসত্ত্বা।
