খেলার মাঠে যখন রিলে রেস নামের দৌড় শুরু হয় তখন দর্শক প্রত্যক্ষ করেন কী বিপুল উত্সাহ-উদ্যমে প্রতিটি দল দৌড়ে এক দল আরেক দলকে সহযোগিতা করে দুর্লভ বিজয় ছিনিয়ে আনে।
জীবনটাও আসলে এক রিলে রেস। এক জীবনে একজন মানুষ সব করতে পারে না। তার অসমাপ্ত কাজ সে দিয়ে যায় পরবর্তী প্রজন্মের কাছে। এর প্রকৃষ্ট প্রমাণ পাচ্ছি বর্তমান প্রজন্মের মধ্যে। যে কাজ মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম পারেননি যে কোনো কারণেই হোক করা সম্ভব হয়নি সে কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আমাদেরই উত্তর প্রজন্ম। ধন্যবাদ ধন্যবাদ হে তারুণ্য। তোমাদের জানাই আত্মার অন্তস্তল থেকে লাল সালাম।
মুক্তিযুদ্ধের কঠিনতম দিনে আমাদেরও কত জনা কতভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে— পারেনি। আমরা বিভ্রান্ত হইনি বরং একাত্তরে আমরা সবাই অতিমানবে পরিণত হয়েছিলাম। ভিনদেশি মানচিত্রের গর্ভ থেকে ছিনিয়ে এনেছিলাম প্রিয়তম স্বাধীনতা। স্বাধীনতা শব্দটি আমাদের করেও পরিপূর্ণভাবে উপভোগ করতে পারিনি ঘরের ইঁদুর-বেজির কারণে। এই দুর্ধর্ষ ভয়ঙ্কর ইঁদুর-বেজি মারার সুবর্ণ সুযোগ আজ তুমি পেয়েছো—হেলায় হাতছাড়া করবে না এ সুযোগ।
তুমি মুক্তিযোদ্ধার সন্তান। তোমার ধমনীতে প্রবাহমান তেজোদীপ্ত হার না-মানা রক্তধারা, তোমার ভয় কী? জনতার কণ্ঠের সঙ্গে মিশে থাকে বিধাতার কণ্ঠ—সমগ্র দেশ তোমার সঙ্গে— তুমি এগিয়ে যাও। রাজনৈতিক কূটচালে নিজেকে জড়িও না —এই কূটচাল—একই অপরাধে একজনকে ফাঁসি দেয় অন্যকে দেয় যাবজ্জীবন।
বিভিন্ন কুটিলতা তোমার পথের বাধা হবে তা যদি ছিন্ন করে বিজয় আনতে পারো তাহলে তোমার নাম ইতিহাসে লেখা হবে হীরার হরফে। তুমিই পারো জাতির কলঙ্ক মোচনের ভার নিতে। কেননা ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। যুদ্ধে জয়ী হবার সমস্তই আমি প্রত্যক্ষ করি তোমার মধ্যে—
এখন তোমার শক্ত পেশী
বাজুতে বগলে অসুরের বল
রক্তে মাতাল নটের নাচন
চোখের তারায় বিজলী ঝিলিক
মেজাজে মননে ধারাল ধীমান
বুকের মধ্যে বজ্র নিনাদ
তুমি যুদ্ধযাত্রী—যুদ্ধের শ্বাপদ সংকুল পথ অতিক্রম করে বিজয় তোমাকে আনতেই হবে। খালেদের মতো, তারিকের মতো তোমার কণ্ঠে ধ্বনিত হোক— আমি বিজয় আনতে ছুটেছি। বিজয় না আনা পর্যন্ত আমি ঘরে ফিরতে পারি না— ‘জ্বালায়ে দিয়েছি বহর আমার—আর ফিরিব না বলে’।
রাজাকারমুক্ত কলঙ্কমুক্ত সুস্থ মননের বিদগ্ধ চিন্তা-চেতনার ঝরঝরে সুন্দর এক সজীব স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়ে শান্তিতে স্বস্তিতে পরপারে যাবার ব্যবস্থা করো হে তরুণ। জীবনের শেষ প্রান্তে এসে তোমার জন্য একান্ত কামনা—আল্লাহ তোমার সহায় হোন— হে সন্তান আমার!! তোমার লক্ষ্যে তুমি বিজয়ী হও।
ঢাকা
