হবিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত বড় ভাইকে চিকিত্সা করাতে গিয়ে ছোট ভাই খুন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সরকারি বৃন্দাবন কলেজে প্রচুর তরুণ-তরুণী সমবেত হয়। এ সময় একটি মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে রিচি গ্রামের একদল যুবকের সাথে বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামের শফিক মিয়ার পুত্র জিএম কাদের (২২) এর ঝগড়া হয়। এক পর্যায়ে উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তার ছোট ভাই জিএম জাহাঙ্গীর (১৫) কলেজে গিয়ে অন্যদের সহায়তায় তার ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এ সময় সে ওষুধ কেনার জন্য ফার্মেসিতে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়ার পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
