সাঈদীর মুক্তি দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ‘ওলামা-মাশায়েখদের’ ব্যানারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অঞ্চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লীরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে তারা মিছিল বের করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা সরকার বিরোধী উস্কানিমূলক শ্লোগান দেয়। মিছিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদেরকেও শ্লোগান দিতে দেখা গেছে। ঘন্টাব্যাপী এই মিছিলে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষ ভোগান্তি পোহায়।