নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে ছোটভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ভাই-ভাবী নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুন বাজার এলাকার আনা মুন্সির স্ত্রী জরুফা বেগম তার ১৮ শতাংশ জমি তিন ছেলের নামে লিখে দেন। অপর ছেলে নূরুকে জমি না দেয়ায় ভাইদের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে গতকাল শুক্রবার ফজর নামাজের পরে নুরু তার বড় ভাই আবুকে মারপিট করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে আরেক ভাই রুহুল আমিন ও স্ত্রী-সন্তানেরা নূরুর কাছে গিয়ে মারপিটের কারণ জানতে চাইলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে নূরু ও তার ছেলেরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবুর স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। আবুল খায়ের আবুকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, মামলার প্রক্রিয়া চলছে।
