ইত্তেফাক রিপোর্ট
আর কদিন বাদেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তাঁর জন্মদিনকে সামনে রেখে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘কবির জন্মদিন’ শিরোনামে অভিনব এক প্রদর্শনী। কবির ২৭তম জন্মদিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যে কটি জন্মদিন পালিত হয়েছে তার ছবি ও তথ্য নিয়ে চলছে এ প্রদর্শনী। প্রদর্শনী চলবে কবির মৃত্যুদিন ২২ শ্রাবণ পর্যন্ত।
ভারতের ত্রিপুরার গবেষক শুভ্রজিত ভট্টাচার্যের গবেষণা ও সংগ্রহশালা থেকে সংগৃহীত শতাধিক আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীটি সাজানো হয়েছে। কবিগুরুর জন্মদিন পালনের নানা তথ্য, ছবি আর স্মৃতিকথার গবেষণামূলক আখ্যান এ প্রদর্শনীটি। ভারতের ত্রিপুরায় প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের আয়োজনটি দ্বিতীয়।
কবিগুরুর ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইভেন্টস ও আর্কাইভ ১৯৭১-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও আইএফআইসি ব্যাংক। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কবিগুরুর জীবদ্দশায় পালিত শেষ জন্মদিনের আলোকচিত্র। প্রদর্শনীতে কবিগুরুর জন্মদিন পালন ছাড়াও তাঁর জীবনের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। এর আগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসেছিল প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতা। ক্যানভাসে স্বাক্ষর করে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। অনুষ্ঠানে বাংলাদেশ ইভেন্টসের উপদেষ্টা সুভাষ সিংহ রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আর্কাইভ ১৯৭১- এর পরিচালক প্রণব সাহা।
প্রদর্শনীটি চলবে ৬ মে পর্যন্ত; প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। এর প্রতিদিনই থাকছে নানা আয়োজন। যার অংশ হিসেবে আজ শনিবার ‘কথা বাজনা কবিতা’ শিরোনামের আয়োজনে কথা বলবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবিতা পাঠ করবেন হাসান আরিফ ও বেহালা বাজাবেন ড. শিউলি ভট্টাচার্য।
ছবির হাটে নারী নিপীড়নবিরোধী সমাবেশ: ‘রুখে দাঁড়াও তুমি আগুনে হাত; এ স্লোগান নিয়ে শাহবাগের ছবির হাটে হয়ে গেল নারীর উপর ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সাংস্কৃতিক সমাবেশ। গতকাল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমাদের’ এর আয়োজনে এ প্রতিবাদী গান গেয়ে শোনান শিল্পীরা।
হিমু পরিবহনের চিঠি উত্সব: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন গতকাল থেকে আয়োজন করে দ্বিতীয় চিঠি উত্সব ‘ডাকপিয়ন-২’। বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় দুদিনের এ চিঠি উত্সব শুরু হয়েছে।
সবুজের একক বনসাই প্রদর্শনী: তরুণ বনসাই শিল্পী কে এম সবুজের চতুর্থবারের মতো একক বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল গুলশান ক্যাডেট কলেজ ক্লাবে লিভিং আর্ট আয়োজিত তিনদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নূরুল ইসলাম এবং থাইল্যান্ডের পাতানচাই ক্যামিক্যাল কোম্পানী লিমিটেড এর সামারপিতাক।
