আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মেঘনা ও গোমতী সেতু বন্ধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
দ্বিতীয় পর্বের স্থায়ী মেরামতের জন্য আজ শনিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুইটির উপর দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ভোর ৫টা থেকে কাঁচপুর এবং ময়নামতি পয়েন্ট থেকে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেতু দুইটির মেরামতকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের জন্য কাঁচপুর ব্রিজ (ঢাকা)-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক এবং চট্টগ্রাম-ঢাকা রুটে যাতায়াতের জন্য ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। দ্বিতীয় পর্বের এই স্থায়ী মেরামতের সময় ১৪টি এক্সপানসন জয়েন্ট এবং ৬৪টি হিঞ্জ বিয়ারিং এর পরিবর্তনের কাজ শেষ করা হবে। এ সময় স্থানীয় জনসাধারণের সুবিধার জন্য কাঁচপুর হতে সোনারগাঁও পর্যন্ত এবং ময়নামতি হতে দাউদকান্দি ওয়াই জাংশন পর্যন্ত বাস ও মিনিবাস চলাচল করবে। স্থানীয় শিল্প কারখানার মালামাল ও কর্মরত শ্রমিকদের একই পথে নির্ধারিত স্থান পরিবহন করা যাবে। ধারণক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল¬ার ময়নামতি, হবিগঞ্জের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এবং হবিগঞ্জের আউসকান্দিতে ওয়ে স্কেল সচল থাকবে। এছাড়া সিলেট হতে আগত কয়লা, পাথর ও কাঠ বহনকারী অতিরিক্ত ওজনের যানবাহন উত্সমুখে নিয়ন্ত্রণ এবং চট্টগ্রাম বন্দর হতে অতিরিক্ত ওজনের লং ভেইক্যাল, কাভার্ডভ্যান উত্সমুখে নিয়ন্ত্রণ করা হবে। অতিরিক্ত ব্যবস্থা হিসেবে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলবে। এছাড়া ঢাকা-চাঁদপুর-ঢাকা নৌ-রুটে অতিরিক্ত স্টীমার সার্ভিস চালু করা থাকবে। সেতুদ্বয়ের তৃতীয় ও শেষ পর্বের স্থায়ী মেরামতকাজ আগামী মার্চ মাসে সুবিধাজনক সময়ে সম্পন্ন করা হবে। সে সময় পুনরায় ৬ দিন সেতুদ্বয়ে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে দাউদকান্দি থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেতু মেরামতকারী প্রতিষ্ঠান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, মেঘনা-গোমতী সেতুর ৮টি এবং মেঘনা সেতুর ৬টি এক্সপানশন জয়েন্টের কাজ করা হবে।