যুদ্ধাপরাধীদের বিচার চাইলে সংসদে এসে সমর্থন জানান :হানিফ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা যদি যুদ্ধাপরাধীদের সত্যিকারের বিচার চান তাহলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত যে বিল সংসদে উত্থাপন হয়েছে, সংসদে গিয়ে তার প্রতি সমর্থন জানান। আর যদি আপনারা সংসদে গিয়ে এই বিলের সমর্থন না করেন তাহলে আবারো প্রমাণিত হবে আপনার যুদ্ধাপরাধীদের বিচার চান না। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ ফেব্রুয়ারি কালো দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে উত্খাত করা হবে’ মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, দেশে ছাত্র সংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার অধিকার একমাত্র ছাত্রলীগেরই আছে। ছাত্রলীগ বৈধ সংগঠন। এদেশের জন্য তাদের ভূমিকা অনেক। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান থেকে শুরু করে এ পর্যন্ত ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার অধিকার থাকলে তা কেবল ছাত্রলীগেরই আছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সে নির্বাচনে বিএনপিসহ সব দলই আসবে। যদি বিএনপি না আসে তাহলে তারা ভুল করবে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, শাহবাগের আওয়াজ শুনুন। জামায়াত-শিবিরকে ত্যাগ করুন। অযথা বিতর্ক সৃষ্টি না করে যদি তাদের সঙ্গ ত্যাগ করেন তবেই কেবল মানুষের কাতারে আসতে পারবেন। অন্যথায় ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।