ইত্তেফাক রিপোর্ট
কাওরানবাজারে জাটকা ও আফ্রিকান মাগুর বিক্রির অভিযোগে ১৪ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ টন জাটকা ও ২ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। র্যাব-২ এবং মত্স্য অধিদপ্তরের সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন অমান্য করে বেশ কয়েকটি আড়তে ৪/৬ ইঞ্চি জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে ১০ ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরা হলেন- নুরুজ্জামান, মো. সবুজ, রাকিব মিয়া, ফারুক হোসেন, মো. সাজন, মো. শাহীন, জাকির গাজী, আব্দুল হক, রনি মিয়া ও আব্বাস। এ ছাড়া, সরকারি আদেশ অমান্য করে আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরা হলেন— সালাউদ্দিন, বিদ্যা বাবু, জিল্লু রহমান ও জীবন মিয়া। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। তবে মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি।
