হ্যাকারদের হাত থেকে নিস্তার পাচ্ছে না কোনো ধরনের ওয়েবসাইট। সামাজিক যোগাযোগে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকও শিকার হয়েছে হ্যাকিংয়ের। সম্প্রতি এই তথ্য জানিয়েছে এই সোস্যাল নেটওয়ার্ক সাইটটি। ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসেই ফেসবুকের একজন প্রকৌশলীর কম্পিউটারে হামলা চালিয়েছে হ্যাকাররা। তবে এই আক্রমণের মাধ্যমে হ্যাকাররা কোনো ধরনের তথ্য হাতিয়ে নিতে পারেনি। শুধু তাই নয়, এতে করে ফেসবুকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। এক ব্লগপোস্টের মাধ্যমে ফেসবুক এই তথ্য জানিয়েছে। এই ব্লগপোস্টে বলা হয়েছে, ‘গত মাসে ফেসবুকের নিরাপত্তা বিভাগ থেকে ফেসবুকের উপর চালানো একটি হামলার তথ্য জানা যায়। আমাদের কিছু প্রকৌশলী একটি মোবাইল ডেভেলপারের ওয়েবসাইট দেখার সময়ে এই হামলার শিকার হন। মোবাইল ডেভেলপারের ওই ওয়েবসাইটটি আগে থেকেই হামলার শিকার ছিল। ওই সাইট থেকে আমাদের কিছু প্রকৌশলীর পিসিতে ম্যালওয়্যার প্রবেশ করে। তবে ম্যালওয়্যারগুলো সনাক্ত হওয়া মাত্রই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকেও অবগত করেছি। আর এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানও চলছে।’ সাইবার হামলার বিষয়টি স্বীকার করে নেওয়ার পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিতেও নিশ্চয়তা প্রদান করেছে তারা। এই আক্রমণে ফেসবুকের একজন ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্যও হ্যাকাররা হাতিয়ে নিতে পারেনি বলেই আশ্বস্ত করেছেন তারা। ফেসবুক জানিয়েছে, ‘ফেসবুক ব্যবহারকারীর কোনো তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ আমরা পাইনি।’ সাইবার আক্রমণের এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছে না ফেসবুক। বরং আরও অনেক আক্রমণের সাথে এটি জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে তারা। উল্লেখ্য, চলতি মাসেই মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় আরেক সাইট টুইটার হ্যাক হওয়ার তথ্য স্বীকার করে টুইটার।
