প্রধানমন্ত্রী সার্বক্ষণিক
যোগাযোগ রাখছেন
বিশেষ প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘ফণী’র ধ্বংসলীলা মোকাবিলা করার জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন ও দলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত দলের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমরা উপকূলীয় জেলাগুলোতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। প্রশাসনের পাশাপাশি তারাও দুর্যোগ মোকাবিলায় কাজ করবে। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘ফণী’র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের যে কোনো তথ্য জানাতে ৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২ নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারবেন।
মানুষের দুর্ভোগ নিয়ে নোংরা রাজনীতি না করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
