ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল ও নির্বিঘ্ন রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার আবু নাছের এ তথ্য জানান।
তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কে সেতু, ফেরি, পন্টুনগুলো মনিটরিংসহ সড়কে ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয় এবং দেশের বিভিন্ন সড়কে জোন, সার্কেল, ডিভিশনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সচিবালয়, ভবন নং ৭, কক্ষ নং ৮২২/বি’তে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯৫৮৪১২৮। জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।
