বর্তমান বিশ্বের দ্রততম মানব উসাইন বোল্টের জন্য যে কথাটি প্রায়ই বলা হয় তাহলো এই অ্যাথলেটের রয়েছে তার জীবনের চাইতেও বড় এক উপস্থিতি। আর এ কথাটিকে আরও একবার সত্য করে দেখাতেই কি না কে জানে, সমপ্রতি বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট হিসেবে পরিচিত দুবাই এয়ারপোর্টে সংযোজন করা হয়েছে উসাইন বোল্টের ছবি সংবলিত বিশ্বের সবচেয়ে বড় আলোকিত বিলবোর্ডটি। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের ‘হোয়াট ইফ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থাপিত এই বিলবোর্ডটি ২৮ মিটার দীর্ঘ এবং ৬.২ মিটার উঁচু এবং এর বিজ্ঞাপন দেওয়া অংশটির আয়তন প্রায় ১৭৪ বর্গমিটার। অন্যদিকে গিনেজের কাছ থেকে সবচেয়ে বড় ইনডোর বিলবোর্ডের স্বীকৃতি আদায় করে নেওযা এই হোর্ডিংটি আলোকিত করতে ব্যবহার করা হয়েছে ১,৮৩,০২৪ টি সাদা এলইডি বাতি।
