ইত্তেফাক রিপোর্ট
দেশে প্রথমবারের মতো কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস এবং আগামী ১০ জুন ডিআরআইসিএমের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআরের আওতাধীন ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম) এ উদ্যোগ নিয়েছে। এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে এর অবদান সম্পর্কে জনগণকে অবহিত করতে আয়োজন করা হচ্ছে এই কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হবে প্রতিযোগিতার জন্য। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং একাদশ শ্রেণি ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘খ’ গ্রুপ। প্রতিযোগিতায় প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে ও দ্বিতীয় রাউন্ড ২০ মে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করবে। ফল প্রকাশ করা হবে আগামী ১০ জুন ডিআরআইসিএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্?যাপন অনুষ্ঠানে।
প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। অলিম্পিয়াডে দুই গ্রুপের প্রথম স্থান অধিকারকারীদের একটি করে ল্যাপটপ এবং মেধাক্রম অনুসারে উভয় গ্রুপের প্রথম পাঁচজনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম রাউন্ডের পরীক্ষায় উত্তীর্ণ উভয় গ্রুপ থেকে ৫০ জন করে মোট ১০০ জন প্রতিযোগীকে একটি করে ক্যালিব্রেটেড ম্যাস, ক্যালিব্রেটেড বিকার ও এক সেট লিটমাস পেপার দেওয়া হবে। প্রতিযোগীরা পরবর্তী এক বছর এই বিকার ও ম্যাস ব্যবহার করে তাদের পরিবার ও পরিপার্শ্বে নিত্যব্যবহার্য পণ্যের পরিমাপের সঠিকতা যাচাই করবে এবং ব্যবহার সম্পর্কে সময়ে সময়ে ডিআরআইসিএমকে অবহিত করবে। পরবর্তী বছরে কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডে ব্যবহারকারীদের মধ্য থেকে সর্বোচ্চ মান অর্জনকারীকে Mr./Miss MetZ&ology উপাধি এবং সম্মাননা প্রদান করা হবে।
