বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও শিরোপা প্রত্যাশী শেখ রাসেল আজ রবিবার পেশাদার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হবে খেলাটি। শেখ রাসেল প্রথম পর্বে ১-০ গোলে হারিয়েছিল বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীকে। সঙ্গত কারণেই খেলাটি আবাহনীর জন্য প্রতিশোধের পাশাপাশি শিরোপা ধরে রাখার চেষ্টায় আরো এগিয়ে গিয়ে সুবিধাজনক অবস্থানে থাকার লড়াই। অন্যদিকে শেখ রাসেল জিতলে এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে দলটিকে নিয়ে যাবে ভাল অবস্থানে।
কাগজে-কলমের হিসেবে অবশ্য লিগের শিরোপা লড়াই এখনো আবাহনী (১২ খেলায় ২৭ পয়েন্ট), শেখ রাসেল (১১ খেলায় ২৫ পয়েন্ট) ও শেখ জামালের (১২ খেলায় ২৫ পয়েন্ট) মধ্যে সীমাবদ্ধ আছে। নয় দলের এ লিগের লড়াইয়ে বাকি সাত দলের বাস্তবে কোন আশা নেই। এর মধ্যে আবার তিনটি আছে রেলিগেশনের শংকায়।
আবাহনীর অধিনায়ক ওয়ালী ফয়সাল আসন্ন লড়াইয়ের প্রাক্কালে বলেন, ‘আমরা গাণিতিক হিসেবটা করে দেখেছি। শিরোপা জয়ের জন্য এটা খুব ভাইটাল ম্যাচ।’
শেখ রাসেল আবাহনীর চাইতে দুই পয়েন্টে পিছিয়ে থাকলেও এক ম্যাচ কম খেলেছে। তাই আজকের লড়াইয়ের প্রাক্কালে কোচ মারুফুল হক বলেন, ‘আমরা সুবিধাজনক অবস্থানে আছি। তবে আজ আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ম্যাচ জিততে হবে। তাহলে ঝুঁকিটা কম থাকবে।’
আজ আবাহনী ও শেখ রাসেলের খেলাটি ড্র হলে সুবিধা হবে শেখ জামালের যারা কিনা গত ম্যাচে শিরোপাধারীদের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করে।
পয়েন্ট তালিকা
আবাহনী ১২ ৮ ৩ ১ ২৭
শেখ রাসেল ১১ ৮ ১ ২ ২৫
শেখ জামাল ১২ ৭ ৪ ১ ২৫
মোহামেডান ১২ ৫ ২ ৫ ১৭
বিজেএমসি ১২ ৪ ৪ ৪ ১৬
মুক্তিযোদ্ধা ১২ ৪ ৩ ৫ ১৫
ব্রাদার্স ১১ ২ ৩ ৬ ৯
আরামবাগ ১১ ২ ০ ৯ ৬
সকার ক্লাব ১১ ২ ০ ৯ ৬
