কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৩৫

দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল্লাহ আল পায়েল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী জালুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পায়েল একই উপজেলার চম্পকনগর সাতোরা গ্রামের সুলতান মাহমুদের ছেলে এবং সে মাদক ব্যবসায়ী বলে বিজিবি দাবি করেছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে একই এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হলো।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী পায়েলের কোমরে বাঁধা পলিথিনের ব্যাগ হতে ১ হাজার ৯৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পায়েলের বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।