চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ভিক্ষু সংঘ ও বৌদ্ধ সমিতির দ্বন্দ্বের জের ধরে নগরীর নন্দনকানন এলাকায় শতবর্ষের পুরানো বৌদ্ধ বিহারের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২৮ মার্চ এই বৌদ্ধ বিহারের পুনঃনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরের বছর ১১ তলা নতুন ভবনের নকশার অনুমোদন দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
নকশা অনুযায়ী নতুন ভবনে মেডিটেশন সেন্টার, ভিক্ষুদের আবাসন, লাইব্রেরি, ফ্রি ক্লিনিকসহ আরো কিছু সুযোগ-সুবিধা থাকার কথা। তবে সাত বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। বিহারের জমির মালিকানা, বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষুকে বহিষ্কার, দানবাক্সের টাকার ভাগ-বাটোয়ারাসহ বিভিন্ন ইস্যুতে জটিল পরিস্থিতি তৈরি হওয়ায় উন্নয়ন কাজ বন্ধ রয়েছে।
