স্থপতি ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি নিন্দা শোক ও প্রতিবাদ জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শনিবার এক শোক বাণীতে তিনি রাজীবের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সকল ব্ল¬গার বন্ধু, গণজাগরণ মঞ্চের সকল আন্দোলনকর্মী ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষামন্ত্রী বলেন, রাজীব ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন সম্ভাবনাময় তরুণ প্রজন্মের প্রতিনিধি। তাকে হত্যা করে জামায়াত-শিবির তাদের স্বাধীনতা বিরোধী পুরনো খুনি-রাজাকার চরিত্র নতুন করে উন্মোচন করেছে। এদের প্রতিরোধে সমাজের সর্বস্তরে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে শোক ও প্রতিবাদ জানায়। সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি উপদেষ্টা মনজুরুল আহসান খান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোসহ অন্যরা বক্তব্য রেখে এর প্রতিবাদ জানান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বিবৃতিতে বলেছেন, জামায়াত-শিবির তাকে নৃশংসভাবে খুন করেছে। গোটা জাতি আরো ফুঁসে উঠেছে যে, খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাজীব হত্যায় শোক ও সমবেদনা জানানো হয়। সভা থেকে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
অন্য যারা শোক ও প্রতিবাদ জানিয়েছেন তারা হলেন, গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আফজাল ও সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ ীয় কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলান মোর্শেদ খান বীর বিক্রম ও মহাসচিব এমদাদ হোসেন মতিন, সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১, বাংলাদেশ যুব মৈত্রী, ৭১’র ঘাতক-যুদ্ধাপরাধী নির্মূল সংসদসহ অন্যরা।
রাজীবের মৃত্যুতে জেপি’র শোক
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম স্থপতি আহমেদ রাজীব হায়দার শোভনের আত্তায়ীর হাতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার এক বিবৃতিতে তারা বলেন, রাজীবের মত একজন প্রতিশ্রুতিশীল ব্যক্তির এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাহত ও বিক্ষুব্ধ। আমরা অবিলম্বে তার হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার বিকেলে শাহবাগে অনুষ্ঠিত রাজীবের নামাজে জানাজায় জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
খুলনা অফিস জানায়, রাজধানীতে ব্লগার ও অনলাইন এ্যাকটিভিস্ট রাজীব হায়দারের খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নির্দলীয় গণমঞ্চের আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনকারীরা রাজীবের হত্যাকাণ্ডের প্রতিবাদে কালোব্যাজ ধারণ করেন। বেলা ১২টার দিকে তারা শিববাড়ী মোড় থেকে শুরু করে নগরীর ময়লাপোতা মোড় পর্যন্ত রোড মার্চ কর্মসূচি পালন করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে বেলাবোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় গণজাগরণ মঞ্চে শনিবার বিকালে প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান সভাপতিত্ব করেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে গতকাল কুমিল্লা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে কফিন মিছিল বের করা হয়। শাহবাগের প্রজন্ম চত্বরের নেতা ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষক, ডাক্তার ও ছাত্র-ছাত্রীরা কফিন নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, ব্লগার রাজীব হায়দার হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় সমাবেশ।
নেত্রকোনা প্রতিনিধি জানান, ব্লগার রাজীব হায়দারের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বিকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেত্রকোনা শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শহীদ মিনার প্রাঙ্গণের মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
নোয়াখালী প্রতিনিধি জানান, গতকাল শনিবার বিকালে ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে মাইজদী শহীদ মিনার চত্বরে এক মিনিট নীরবতা পালন ও কালো ব্যাজ ধারণ এবং বিক্ষোভ করে সর্বস্তরের জনতা। একই সময় গণজাগরণ মঞ্চের ব্যানারে একই দাবিতে কালো ব্যাজ ধারণ এবং শহরে বিক্ষোভ মিছিল করে।
ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, গতকাল শনিবার ছিল ভাণ্ডারিয়া গণজাগরণ মঞ্চের ৭ম দিন। মঞ্চ চত্বরে উপস্থিত জনতা ‘রাজীবের রক্ত বৃথা যেতে দেব না’ শ্লোগানে ব্লগার রাজীব হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং এক মিনিট নীরবতা পালন করে। এদিকে উপজেলার একটি অংশে ক্যাবল ব্যবসায়ীরা দিগন্ত টেলিভিশনের প্রচার বন্ধ করে দিয়েছে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, ফেইসবুক যোদ্ধা ব্লগার রাজীব হায়দারকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা প্রতিবাদ সভা করেছে। উপজেলার ঘাঘর বাজারের হাসান টেলিকম সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রাজাকারদের ফাঁসির দাবিতে গতকাল দিনব্যাপী বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলার বিশনন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল রহমান রিপন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জাকির হোসেন, মজিবুর রহমান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আরজু মিয়া, অধ্যাপক আনোয়ার হোসেন সরকার প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, শাহবাগের আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্লগার স্থাপতি আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া গণজাগরণ মঞ্চে আন্দোলনকারীরা কালো ব্যাচ ধারণ করে।
