শেষ তিন ধাপেই বড় পরীক্ষা বিজেপির

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৪৮

ভারতের লোকসভা নির্বাচনের চার ধাপে ৫৪৩ আসনের মধ্যে ৩৭৪ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি তিন ধাপের ভোট হবে আগামী ৬, ১২ ও ১৯ মে। এই তিন ধাপের ভোটকেই বলা হচ্ছে, ক্ষমতাসীন বিজেপি জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা। শেষ তিন ধাপে অনুষ্ঠিতব্য ১৭৯ আসনের মধ্যে ১১৬টি আসনে ২০১৪ সালো নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। এই আসনগুলো মূলত হিন্দি ভাষা-ভাষী রাজ্যের।

উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চলে আগের চেয়ে ভালো করার আশা করছে বিজেপি। তবে পূর্ব উত্তর প্রদেশে জাত-পাতের ইস্যুর কারণে ভালো করতে পারে বিরোধী দলগুলোও। আগামী তিন ধাপে উত্তর প্রদেশের ৪১ আসনে ভোট হবে। গত নির্বাচনে এর মধ্যে তিনটি বাদে সবকটিতেই জিতেছিল বিজেপি। এবারের নির্বাচনে জেতা আসনগুলো ধরে রাখায় বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। যদিও উত্তর প্রদেশের বারানসি থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিহারের ২১ আসনে ভোটগ্রহণ বাকি। ২০১৪ সালে এই ২১ আসনের মধ্যে ১৬টিতেই জিতেছিল বিজেপি। রাজস্থান, মধ্য প্রদেশকে বলা হতো বিজেপির ঘাঁটি। কিন্তু গত বছরের ডিসেম্বরে এই দুই রাজ্যে কংগ্রেস জয়ী হয়ে সরকার গঠন করেছে। ফলে এবারের নির্বাচনে এই দুই রাজ্যের জেতা আসন ধরে রাখতে বেগ পেতে হতে পারে বিজেপির। পাঞ্জাবে বিজেপির ভালো করার সম্ভাবনা কম। তবে এবার পশ্চিমবঙ্গে আসন বাড়াতে মরিয়া বিজেপি। বাকি তিন ধাপে এই রাজ্যের ২৪টি আসনে ভোট হবে। এই রাজ্যে গতবার ৪২ আসনের মধ্যে দুটিতে জয়ী হয়েছিল দলটি।