দোহায় অনুষ্ঠিত কাতার ওপেনের সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। আগের দিনই ডব্লি¬উটিএ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়া সেরেনা এই জয়ে নিজের অবস্থান আরো বেশি শক্তিশালী করলেন। ফাইনালে তিনি মুখোমুখি হবেন এবারের টুর্নামেন্টের শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কার।
শনিবারের পরাজয় ছিল ফ্রেঞ্চ ওপেন জয়ী রুশ তারকা শারাপোভার দোহায় প্রথম পরাজয়। এর আগে দুইবার অংশগ্রহণ করে শিরোপা জিতে ছিলেন শারাপোভা।
গতকালকের ম্যাচে ১৫ বারের গ্র্যান্ড স্ল¬্যাম জয়ী সেরেনা প্রথম থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। পিঠ এবং গোঁড়ালির ইনজুরির সাথে ঠান্ডাজ্বরজনিত অসুস্থতা এসবকিছুই তার গতিরোধ করতে পারেনি। মূলত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়াটাই যেন তাকে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা করে তুলেছে। যদিও টুর্নামেন্ট শেষে আগামী সোমবার ডব্লি¬উটিএ র্যাঙ্কিং প্রকাশ করা হবে। অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কার বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ পাওয়ায় সেরেনার সামনে নিজেকে বিশ্বের সেরা প্রমাণেরও অনন্য সুযোগ এসেছে। কারণ মাত্র একদিন আগে এই আজারেঙ্কাই ছিলেন বিশ্বের এক নম্বর তারকা।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে পেট্রা কেভিটোভাকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করার পরেই সেরেনা দুই বছর পরে তার হারানো রাজত্ব ফিরে পান। সেই ম্যাচেই মূলত তিনি ইনজুরি আক্রান্ত অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে দুঃখজনক বিদায়ের হতাশা কাটাতে সক্ষম হয়েছেন। ৩১ বছর বয়সী সেরেনা এখন ক্যারিয়ারের ৪৮তম শিরোপার লক্ষ্যে আজারেঙ্কার বিপক্ষে রোববার মাঠে নামবেন। সেমিফাইনালে সেরেনার বিপক্ষে শারাপোভা কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। এই নিয়ে টানা দশম ম্যাচে সেরেনার কাছে পরাজিত হলেন শারাপোভা। কিন্তু সেরেনার কাছ থেকে প্রশংসাই পেয়েছেন। প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সেরেনা বলেন, ‘মারিয়া সবসময়ই ভাল খেলে এবং তার খেলায় ধারাবাহিকতা আছে। আমি শুধুমাত্র ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। কাল আমার সামনে বড় ম্যাচ। আশা করছি সেই ম্যাচেও সমানভাবে সকলের সমর্থন পাব।’
বিশ্বের একমাত্র শীর্ষসারির খেলোয়াড় হিসেবে চলতি বছর এখনও অপরাজিত আছে আজারেঙ্কা। এই নিয়ে চলতি বছর তিনি টানা ১৩টি ম্যাচে জয় তুলে নিলেন। সেমিফাইনালে বেলারুশের এই শীর্ষ তারকা পোল্যান্ডের আজনিয়েস্কা রাদাওয়ানাস্কাকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনালে উঠেন। বিশ্বের চার নম্বর খেলোয়াড়কে হারিয়ে তিনি এখন নিজের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে সেরেনার মুখোমুখি হবেন। গত মাসে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছেন।—বাসস
