রংপুর নগরীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা-মেয়ে ও নাতিসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নগরীর ২৭নং ওয়ার্ডের আজিজ নগর বনানীপাড়া এলাকায় এসটি ম্যানসনে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এসটি ম্যানসন ভবনের মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামছুজোহা জানান, এসটি ম্যানসনের মালিক তার বাড়িতে চুরি ঠেকাতে বাড়ির পাশ দিয়ে বিদ্যুতের তার ঝুলিয়ে রাখতেন। এই বিদ্যুত্ লোহার পাইপের মাধ্যমে ছাদে চলে যায়। আর সেই ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ওই ভবনের ভাড়াটিয়া মৃত আনিছের স্ত্রী আরফিনা বেগম (৩৫), মেয়ে তাছলিম বেগম (১৮) ও নাতি বাবু (১০)। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বাড়ির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। রংপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি বলেন, ‘চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়। সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’
