ফরদৌ পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন উদ্যোগ বন্ধ করার বিনিময়ে ইরানের ওপর আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞার আওতা থেকে সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাণিজ্য ছাড় দেয়ার পরিকল্পনা করেছে পশ্চিমা দেশগুলো। শনিবার এ খবর জানিয়েছে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারির কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিতব্য ছয় জাতি পরমাণু আলোচনায় পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানকে এ প্রস্তাব দেয়া হবে। আসছে বৈঠকে আগের বছর থেকে তুলনামূলকভাবে নমনীয় প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন তারা। আসছে জুনের ১৪ তারিখে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের আগেই পরমাণু প্রকল্প নিয়ে ইরান একটি চুক্তিতে পৌঁছতে চায় বলে একটি ধারণা আছে। এর অংশ হিসেবে ইরানকে ওই নাটকীয় প্রস্তাব দেয়া হচ্ছে না বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ওই কর্মকর্তারা। যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, এই ছয় জাতির সঙ্গেই পরমাণু প্রকল্পের অসামরিক উদ্দেশ্য নিশ্চিতকরণ ও জাতিসংঘ পরিদর্শকদের পরিদর্শন আওতা বিস্তৃত করা নিয়ে ইরানের আলোচনা চলছে। ওই ছয় জাতি পাওয়ার ৫+১ নামে পরিচিত।
পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করলেও পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সমপ্রতি কয়েক বছর ধরে অস্বীকৃতি জানিয়ে আসছে ইরান। পরমাণু চুল্লির শক্তি উত্পাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহূত হলেও একই জিনিস দিয়ে পরমাণু বোমাও তৈরি করা সম্ভব। মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ বলে বিবেচিত ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্রের সম্ভাবনায় উদ্বিগ্ন।
